প্রকাশ :: ... | ... | ...

সাতকানিয়ায় বিরোধপূর্ণ জায়গায় সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী রাখার অভিযোগ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বিরোধপূর্ণ জায়গায় সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী রেখে পিলার জামানের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে স্থানীয় জালাল আহমদ গং ও মুজিবুল আলম মানিকের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট আদালত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, সেই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না। ভুক্তভোগী জালাল আহমদ গং এর ওয়ারিশ মাহমুদুল হক বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা বাইরে থেকে শ্রমিক এনে কাজ করছেন এবং বাধা দিতে গেলে হুমকি-ধমকি দিচ্ছেন। বিভিন্ন সময়ে পুলিশ আসলেও পরবর্তীতে পুনরায় তারা কাজ শুরু করেন। আমরা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগ অস্বীকার করে মুজিবুল আলম মানিক বলেন, আমি দুই ধাপে ওই জায়গাটি ক্রয় করেছি। আমি বর্তমানে ওই জায়গাটির ক্রয়সূত্রে মালিক। তবে অপরপক্ষ আদালত একটি মামলা দায়ের করেছেন এবং সেটি চলমান রয়েছে। আমি ওই জায়গায় কোনো ধরনের কাজ করছি না। শুধুমাত্র ঢেমশার একটি সড়ক সংস্কার কাজের কিছু পিলারের কাজ করছি। এ বিষয়ে জানতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকের ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরপরও আমরা একটি লিখিত অভিযোগ পাওয়ার পর সেখানে গিয়ে উভয়পক্ষকে আইনগত দিকনির্দেশনা প্রদান করেছি।