| ছবি: মো: আরিফুল ইসলাম বিজয়
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় শাহাদাত হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। সাতাকানিয়া রাস্তার মাথা এলাকায় তার একটি চায়ের দোকান ছিল। জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কিছু মুখোশধারী সন্ত্রাসী শাহাদতকে অর্তকিত মারধর শুরু করেন। মারধর করে হামলাকারীর পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার টার দিকে শাহাদাত মারা যান। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।