| ছবি: সংগ্রহীত
গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি বুধবার (২৪ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেপ্তার নুরুল আলম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের নাছির মাস্টার বাড়ির মৃত এবার হোসেনের পুত্র। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম সাতকানিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এর পরপরই থানা পুলিশ তাকে আদালতের নিকট সোপর্দ করেন এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার আমার ভাই সাতকানিয়া ভূমি অফিসে গিয়েছিল। সেখান থেকে ডিবি তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। নামে কোনো মামলাও ছিল না। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার বিকালে নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি টিম নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। এরপর তাকে আদালতের নিকট সোপর্দ করা হয়। একইদিন বিকালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। তিনি থানায় থাকাকালীন সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন।