প্রকাশ :: ... | ... | ...

নির্মাণাধীন ভবনে বালু তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু, ভবন মালিকের ছেলেসহ ৭ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল পুলিশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রবাসী দেলোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে বালু তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন মালিকের ছেলেসহ ৭ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সাতকানিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিওসি'র মোড় সংলগ্ন পূর্ব কাঠগড় রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা শ্রমিক জাহিদ হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বশির আহমদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রোহিঙ্গা শ্রমিক জাহিদ হোসেনসহ আরও কয়েকজন শ্রমিক নির্মাণাধীন ভবনের উপরে বালু তুলছিলেন। এ সময় তিনি হেঁটে যাওয়ার সময় নিচের তলায় থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে লেগে তার মর্মান্তিক মৃত্যু হয়। সেখানে ভবনের মালিক প্রবাসী দেলোয়ারের এক ছেলে উপস্থিত থাকলেও বিষয়টি পুলিশ কিংবা স্থানীয়দের না জানিয়ে তড়িঘড়ি করে মরদেহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেন। এরপর এসআই জহির আমিন ওই নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে মালিকের ছেলেসহ ৭ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরপর দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে রেজিস্ট্রার দেখে বিদ্যুৎস্পৃষ্টে ওই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ছাড়াও দুর্ঘটনার পরপরই তার মরদেহ উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া বলে জানা গেছে। ভবন মালিকের ছেলেসহ ৭ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।