চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকালীন সময়ে ছোট ভাই প্রবাসী আরাফাত হোসেনের বাড়িতে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ বাড়িতে ফিরে যেতে বলাকে কেন্দ্র করে বৃদ্ধা মা সাগেরা বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী তাসমিন আকতার তানিয়ারকে মারধর ও নির্যাতনের অভিযোগে বড় ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেরানীহাটে অবস্থিত একটি রেস্টুরেন্টের হলরুমে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযুক্ত মিজানুর রহমানের মা সাগেরা বেগম অভিযোগ করেন, বড় ছেলে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আমাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এমনকি তার বাবা জীবিত থাকাকালীন সময়ে তাকেও নানাভাবে নির্যাতন করেছে। মূলত মিজানের ধারাবাহিক মানসিক চাপ ও নির্যাতনের কারণেই তার পিতার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এ ছাড়াও পিতার মৃত্যুর পর নিজ বাড়ির উঠানে মরদেহ গোসল করাতেও মিজান বাধা দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় স্ত্রী ও সন্তানদের নিয়ে মিজান আমার ছোট ছেলে আরাফাতের বাড়িতে আশ্রয় নিয়েছিল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাকে নিজ বাড়িতে ফিরে যেতে বলায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার ছোট ছেলে আরাফাতের স্ত্রী তাসমিন আকতার তানিয়াকে মারধর করেন। এমনকি আমার ভাগনিকেও মারধর করেছে। এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত মিজানুর রহমানের খালাতো বোন সামিরা আকতার বলেন, আমার খালা এবং খালাতো ভাই আরাফাতের স্ত্রীকে মিজান মারধর করা শুরু করলে আমি থামাতে গিয়েছিলাম। এ সময় তিনি আমাকেও বেধড়ক মারধর করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে তাকে আইনের আওতায় আনা দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত মিজানুর রহমানের ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মা এবং ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের বিষয়টি সঠিক নই। তবে মা যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, মানুষ সেটিই বিশ্বাস করবেন। আপনারা নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করলে সত্য ঘটনা জানতে পারবেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিযুক্ত মিজানুর রহমানের ছোট ভাই প্রবাসী আরাফাতের স্ত্রী তাসমিন আক্তার তানিয়া, বড় বোন নিলুফা ইয়াসমিন, মেঝ বোন জেসমিন ফাতেমা, ছোট বোন তসলিমা আকতার, আবু তাহের, মনির আহমদ, নুরুল হক, হাফেজ নবীর হোসেন ও ফরিদুল ইসলাম।