| ছবি: আরিফুল ইসলাম
উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন মো. সেলিম বলেছেন, বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা হবে। এ ছাড়াও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত করাসহ শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করতে চাই। সম্প্রতি তিনি ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে প্রথম মিটিং শেষে গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে এ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে চাই। লায়ন সেলিম বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাব। প্রসঙ্গত, লায়ন মো. সেলিম উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা সম্পন্ন করেছেন। তিনি এলাকার সকলের কাছে মানবিক, শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে সাতকানিয়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য বলে জানা গেছে।