চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোডের বাদামতল এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রবাস ফেরত মোহাম্মদ ইদ্রিসের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কেরানীহাট স্টেশনের একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী মোহাম্মদ ইদ্রিস ও তার পরিবারবর্গের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী মোহাম্মদ ইদ্রিস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তার স্ত্রী সেলিনা আকতার ও শাশুড়ি সাজু আরা বেগম প্রমুখ। মোহাম্মদ ইদ্রিস অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলাম। সেই সুবাদে আমার বোনদের বিয়ে দিয়েছি এবং প্রত্যেক ভাইকে প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ ৪০ বছর আমি পরিবারের ভরণপোষণ দিয়েছি। তাই আমার বাবা আমাকে কিছু জায়গা বেশি দিয়েছিল৷ সেখানে আমি স্থাপনা নির্মাণ করতে গেলে আমার ভাইয়েরা আমার উপর হামলা চালায়। সর্বশেষ গত কয়েকদিন আগে তারা বহিরাগতদের সাহায্যে আমার পরিবারের উপর হামলা চালায়। এ ঘটনার সঙ্গে ফারুক এবং আমার ভাই আনোয়ার ও মুন্না ওতপ্রোতভাবে জড়িত। তারা বিভিন্ন আসবাবপত্র ও বাড়িতে দেয়াল ভাঙচুর করেছে। পরে আমি সাতকানিয়া থানায় গেলে ওসি অভিযোগ নিতে পারবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এবং আদালতে মামলা দায়ের করতে বলেন। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ ফারুকের ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা ভাইদের মধ্যে সমস্যাটি সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন। প্রথম দিকে কয়েকবার চেষ্টার পর বন্যার ফলে সালিসি বৈঠকে সাময়িক অসুবিধা দেখা দেয়। ওই সুযোগে মোহাম্মদ ইদ্রিস বিরোধপূর্ণ জায়গায় পর্দা দিয়ে দেয়াল তুলে দিয়েছিল। আমরা এলাকাবাসীসহ গিয়ে সেটি সরিয়ে দিয়েছি। এ বিষয় জানতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।