| ছবি: সংগ্রহীত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা। সোমবার (১৭ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয় বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সিআইআইডি সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন উদ্ধার করা হয়। যাত্রী মইনুলের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। অন্য যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন উদ্ধার করা হয়। এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন আটক করা হয়। অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন একটি ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ওই একটি ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর প্রযোজ্য ৬২১ শতাংশ শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। এনবিআর জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।