প্রকাশ :: ... | ... | ...

খেলাধুলার প্রসারে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট করবেন এসপি মাসুদ


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উদ্যোগী হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার এলাকায় একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। ​রোববার (৭ জুন) জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক বিদ্যালয় ও আলিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসপি এ ঘোষণা দেন। ​সভায় শিক্ষার্থীরা আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ও ইচ্ছার কথা এসপির কাছে তুলে ধরে। একইসাথে তারা খেলার সরঞ্জামসহ প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি প্রদানের অনুরোধ জানায়। শিক্ষার্থীদের এই আগ্রহকে সাধুবাদ জানিয়ে এসপি মো. মাসুদ আলম টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন। ​শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জেলা পুলিশ সুপার বলেন, "শিক্ষা ও খেলাধুলা একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার পথ অবলম্বন করেই তোমাদের জীবনে সফল হতে হবে।" ​বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, শিক্ষার্থীদের একটি সুন্দর, নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ​পরিদর্শনকালে পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং তাদের স্বপ্ন, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অংশ নেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।