| ছবি: নাছির উদ্দীন শীবলু
চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ‘দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিসিসিআই) এর দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ডের বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন চৌধুরী। এই জয়ের মাধ্যমে তিনি সীতাকুণ্ডের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন।আজ শনিবার (২৩ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। চেম্বার নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে এই বিপুল জনসমর্থন চট্টগ্রামের ব্যবসায়ী মহলে তার বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মো. আমজাদ হোসেন চৌধুরীর এই কৃতিত্বে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার জন্মস্থান সীতাকুণ্ডে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে অভিনন্দন জানাচ্ছে। গুরুত্বপূর্ণ এই ব্যবসায়ী সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে সীতাকুণ্ডের একজন যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, এই কৃতিত্ব সীতাকুণ্ডবাসীর জন্য অত্যন্ত সম্মানজনক। আমজাদ হোসেন চৌধুরীর এই বিজয় সীতাকুণ্ডের ব্যবসায়ী কমিউনিটির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তার হাত ধরে এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রায় সীতাকুণ্ড আরও জোরালো ভূমিকা পালন করবে। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। সীতাকুণ্ডের বিভিন্ন মহল থেকে আসা অভিনন্দনের জবাবে নবনির্বাচিত পরিচালক আমজাদ হোসেন চৌধুরী তার ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।