বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবিন চৌধুরী মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা আনিসুর রহমান চৌধুরীর ছেলে এবং স্থানীয় রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাটিয়ারী এলাকায় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের ওই অংশে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চালকদের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন।