প্রকাশ :: ... | ... | ...

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে, হাটহাজারীতে ডাম্পট্রাক চাপায় কৃষকদল নেতাকে হত্যার অভিযোগ


সংযুক্ত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মোহাম্মদ ফয়সাল (৩২) নামে এক কৃষকদল নেতাকে পরিকল্পিত ভাবে ডাম্পট্রাকের চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় জুয়েল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার একটি গলিতে এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাকড় আলী চৌধুরী বাড়ীর বাবুল মেম্বারের পুত্র। তিনি উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে কৃষকদল নেতা লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল জানান, জুয়েল নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পেতো ফয়সাল, পাওনা টাকা পরিশোধ করতে দীর্ঘদিন ধরে গড়িমসি করছে জুয়েল। বিষয়টি নিয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছিলো, কিন্তু কোন লাভ হয়নি। কিছু টাকা পরিশোধ করলেও প্রায় ত্রিশ হাজার টাকা পাওনা রয়ে যায়। এই টাকার জন্য গেলে সেই জুয়েল ডাম্প ট্রাকের চালকের আসনে বসে আগে থেকে আগে থেকেই উত পেতে বসেছিল। যেই পরিকল্পনা সেই কাজ। সামনে আসামাত্র ফয়সালকে চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে জুয়েল। যতক্ষণ প্রাণ ছিলো ততক্ষণ চাপা দিয়ে রেখেছিলো। জানাযায়, পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এদিকে ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি'র সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, উত্তরজেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন এবং ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।