জাতীয় ও আন্তর্জাতিক কারাতে ও তায়কোয়ানডো প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার "অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ"। প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও খেলোয়াড়দের সম্মানে এক বর্ণাঢ্য সাকসেস পার্টি ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) রাতে হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সিহান ও অধ্যক্ষ অজয় দে’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটির সভাপতি ও ব্যবসায়ী নুরুন্নবী চৌধুরী নুরু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম। বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক গঠন নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে হাটহাজারীর এই অ্যাথলেটরা যেভাবে লাল-সবুজের পতাকাকে উজ্জ্বল করেছে, তা পুরো এলাকার জন্য গর্বের। বিশেষ করে মার্শাল আর্টের মাধ্যমে আত্মরক্ষা ও সাহসিকতার যে নজির তারা স্থাপন করেছে, তা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ কোর্টের সাবেক পিপি ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য এডভোকেট মো. মহসিন, মো. নেজাম উদ্দিন, মো. নেজাম উদ্দিন রাশেল, মো. মাহবুল আলম, এম এ হান্নান কাজল, মো. রাশেদ, মো. লুতফুর রহমান এবং এডভোকেট মোহাম্মদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাফল্যের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় দিয়া দে আঁখি, অর্প তালুকদার ও মো. মেহেদী হাসান হাসিবসহ অন্যান্য বিজয়ীদের হাতে মেডেল, সার্টিফিকেট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। পরে জাঁকজমকপূর্ণভাবে কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।