প্রকাশ :: ... | ... | ...

হাটহাজারীতে দুই মাদকসেবীর কারাদণ্ড বালু ব্যবসায়ীর জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারী জনস্বার্থ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও এক বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাটসহ বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোহাম্মদ ইউনুছ (৪৭) ও মোহাম্মদ রফিক (৪২) নামে দুই ব্যক্তিকে ফতেপুরের মদনহাট এলাকায় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে আটক করা হয়। এসময় তারা অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. ইউনুছ ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়ার মোছা মিস্তিরি পুত্র ও অপরজন মোহাম্মদ রফিক হাটহাজারী পৌর এলাকার মোহাম্মদ কবিরের পুত্র। একই অভিযানে ফতেপুর এলাকায় মহাসড়কের পাশে বালুর স্তূপ রেখে গণউপদ্রব সৃষ্টির দায়ে মোহাম্মদ শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে মহাসড়ক আইন- ২০২১ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান গণমাধ্যমকে জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।