| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র পণ্য বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার এক বিশেষ অভিযানে হাটহাজারী পুরাতন পৌরসভা ভবন থেকে ৮৩ বস্তা ভর্তি মোট ৪ হাজার ১৫০ কেজি নিম্নমানের চাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই অভিযানের নেতৃত্ব দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরাতন পৌরসভা ভবনে টিসিবির পণ্য বিতরণ চলছিল। এ সময় সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত নির্ধারিত চালের পরিবর্তে অত্যন্ত নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে টিসিবির নিয়মিত পণ্যের পাশাপাশি সেখানে রাখা ওই নিম্নমানের চালের বস্তাগুলোর সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, বিতরণকেন্দ্রে নির্ধারিত চাল না দিয়ে নিম্নমানের চাল বিতরণের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে ৪ হাজার ১৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। তবে এই বিপুল পরিমাণ চাল কে বা কারা বিতরণকেন্দ্রে নিয়ে এসেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। সরকারি এই কার্যক্রমে অনিয়ম ও নিম্নমানের চাল সরবরাহের সাথে জড়িত সংশ্লিষ্ট ডিলার বা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।