| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ ওসমান গনি ওরফে মনা (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. নাজমুল হাসান। পুলিশ সূত্রে জানাযায়, গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছকিনা মাস্টারের নতুন বাড়িতে থানা ও ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে মনার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি একনলা শর্টগান, পিস্তলের ১১ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ১৭ রাউন্ড কার্তুজ ও রাইফেলের গুলিসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ওসমান গনি মনা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মো. জাফর আহম্মদের ছেলে। তদন্তে তার একাধিক বাসস্থানের হদিস পাওয়া গেছে, যার মধ্যে বায়েজিদ বোস্তামী থানার ড্রীমল্যান্ড আবাসিক এলাকা এবং আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি অন্যতম। পুলিশি রেকর্ড অনুযায়ী মনার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ আরো জানাই, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসা ও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছে। অভিযানে তার দুই সহযোগী হাটহাজারীর জুগিরহাট এলাকার হৃদয় (৩০) ও সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকার রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পলাতক এই আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।