প্রকাশ :: ... | ... | ...

হাটহাজারীতে প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ


সংযুক্ত ছবি

| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের ব্যস্ততম কাচারি সড়কে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। আজ শনিবার (১৬ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কাচারি সড়কের ‘জাগৃতি’ এলাকা থেকে ‘কৃষকের হাট’ পর্যন্ত রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ফুটপাতের প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। এর ফলে সড়কে দীর্ঘদিনের পুঞ্জীভূত যানজট থেকে মুক্তি মিলেছে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কাচারি সড়কের জলাবদ্ধতা নিরসন এবং ড্রেন পরিষ্কার কার্যক্রমকে বেগবান করতেই মূলত এই উচ্ছেদ অভিযান। ফুটপাত ও ড্রেনের ওপর অবৈধ দখলের কারণে দীর্ঘ দিন ধরে বৃষ্টির পানি নামতে বাধা পাচ্ছিল, যা বর্ষা মৌসুমে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত। অভিযান চলাকালে ‘শামস টাওয়ার’ কর্তৃপক্ষকে তাদের অবৈধভাবে নির্মিত তিনটি সিঁড়ি অপসারণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময় ভবন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় এবং রবিবারের মধ্যে নিজ উদ্যোগে সিঁড়িগুলো ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, ইতোপূর্বে মাইকিং করে সবাইকে সতর্ক করা হলেও অনেকেই সড়ক ও ফুটপাত দখলমুক্ত করেননি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে পুরো সড়ক দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এরপরও যারা পুনরায় দখল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে হাটহাজারী পৌরসভা ও থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।