| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। শুক্রবার (২২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি মানবিক সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক নগর অবকাঠামো প্রকল্পের উদ্বোধনসহ বহুমুখী কর্মসূচিতে অংশ নেন। সকালে হাটহাজারীর ১২ নং চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করেন। উপকারভোগীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আপনাদের সকল দুঃখ-কষ্ট দূর করে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নত করতে বদ্ধপরিকর। সরকারের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সকল উন্নয়ন কাজ জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে। তিনি সাধারণ মানুষকে নিজেদের স্বাবলম্বী করতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি ব্যক্তিগতভাবেও কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। ত্রাণ বিতরণ শেষে দুপুরে প্রতিমন্ত্রী হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের জন্য সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় জেলে পরিবারগুলোর বিকল্প আয়ের উৎস হিসেবে তাদের মাঝে ছাগল বিতরণ করা হয়, যাতে মাছ ধরার পাশাপাশি তারা আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে। বিকেলে হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ‘স্মার্ট সড়ক বাতি উন্নয়ন’ প্রকল্পের উদ্বোধন করেন ব্যারিস্টার মীর হেলাল। তিনি বানজইন-উপজেলা-কলেজ রোড থেকে এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে আধুনিক ও স্বয়ংক্রিয় সড়ক বাতি প্রজ্বলন করেন। এছাড়া তিনি কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পেরও শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসব জনমুখী কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিমন্ত্রীর এই উন্নয়নমুখী তৎপরতা স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।