প্রকাশ :: ... | ... | ...

হাটহাজারীতে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রনেতা তকির হুঙ্কার


সংযুক্ত ছবি

| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রাম সিটি কলেজ ও ঈশ্বরদী কলেজ ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট- ওয়াপদা গেট, জাগৃতির মোড় ও কাচারি সড়ক প্রদক্ষিণ করে ত্রিবেণী মোড় হয়ে বড় মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নিয়ে হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের আগে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ ভোল পাল্টে শিবিরের বিভিন্ন পদ দখল করেছে। এই অনুপ্রবেশকারীরাই এখন ছাত্রদল নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা চালাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, হাসিনাকে হঠানোর আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল। জামায়াত-শিবিরের সেই আন্দোলনে দৃশ্যমান ভূমিকা ছিল না। আজ ছাত্রদল তাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বলেই সুপরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। বক্তব্যে তকি অবিলম্বে সিটি কলেজ ও ঈশ্বরদী কলেজ ছাত্রদলের ওপর হামলাকারী ‘সন্ত্রাসীদের’ গ্রেফতার ও বিচারের দাবি জানান। একইসঙ্গে তিনি ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নেতৃত্বে ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন। সমাবেশে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।