প্রকাশ :: ... | ... | ...

পবিত্র জশনে জুলুস উপলক্ষে হাটহাজারীতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

আসন্ন পবিত্র জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে এক বিশেষ আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র জশনে জুলুসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে অংশীজনদের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় বিশেষ অতিথি ও দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান, চট্টগ্রাম জেলা সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান এবং পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাক। রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন চেয়ারম্যান, পৌরসভা বিএনপি'র সদস্য সচিব মো. ওহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আহসান লাভু, ফতেপুর ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা সিদ্দিকি, নাঙ্গলমোড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, মির্জাপুর ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং ফরহাদাবাদ ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম। এছাড়া গাউসিয়া কমিটি, হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, ইসলামী ফ্রন্ট, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সভায় অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ নিচে তুলে ধরা হলো:- ১. নিশ্ছিদ্র নিরাপত্তা ও সাইবার নজরদারি:জুলুসের নির্ধারিত রুটের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে পুলিশের বিশেষ সাইবার টিম সার্বিক সহযোগিতা প্রদান করবে এবং নজরদারি জোরদার রাখবে। ২. রুটভিত্তিক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক ব্যবস্থাপনা:হাটহাজারী বাসস্ট্যান্ড হতে মেডিকেল গেইট পর্যন্ত জুলুসের মূল রুটের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ ও তাদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হবে। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েনসহ কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। ৩. শব্দদূষণ রোধে কঠোর নিষেধাজ্ঞা:অনুষ্ঠান চলাকালীন হাটহাজারী বাসস্ট্যান্ড হতে মেডিকেল গেইট পর্যন্ত এলাকায় যেকোনো যানবাহন থেকে অপ্রয়োজনীয় উচ্চ শব্দ, হাইড্রোলিক হর্ন ও যেকোনো ধরনের শব্দদূষণ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ৪. যৌথ মনিটরিং ও প্রশাসনিক নির্দেশনা:উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠন করা হবে, যা সার্বিক পরিস্থিতি নিয়মিত তদারকি করবে। জুলুসের নির্ধারিত রুট, সময়সূচি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সকল প্রশাসনিক নির্দেশনাসমূহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সভার সমাপনী বক্তব্যে সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সকল পক্ষ যেন একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে আসন্ন জশনে জুলুস কর্মসূচি সম্পন্ন করতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।