| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
চট্টগ্রামের হাটহাজারীতে মাদক ও ছিনতাই বিরোধী সামাজিক সভার খবর পেয়ে এলাকাবাসীর ওপর হামলা চালাতে গিয়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ৪ কিশোর অপরাধীকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ তাদের হেফাজতে নেয়। আটককৃতরা হলো- মৌলভী আকমলের বাড়ির মোহাম্মদ আনিসের পুত্র মোহাম্মদ আরিফুল হক প্রকাশ বাদশাহ (১৯), সাতকানিয়ার বাসিন্দা ও বর্তমানে নতুনপাড়া এলাকার নানাবাড়িতে থাকা মো. আলমগীরের পুত্র মোহাম্মদ হাসান (১৮), শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ারের পুত্র ফয়সাল ইসলাম প্রকাশ জাহেদ (১৭) এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুন এলাকার মো. ওয়াদুদের পুত্র ওয়াহিদুজ্জামান রাকিব (১৬)। স্থানীয় সূত্র জানায়, চিকনদণ্ডী ইউনিয়নের ওই এলাকায় বেশ কয়েকটি সমাজ একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ সভা করে আসছিল। শুক্রবার রাতেও এলাকাবাসী এমন একটি ঘরোয়া সভায় অংশ নেন। স্থানীয়দের এই তৎপরতার খবর পেয়ে অপরাধী চক্রটি ক্ষিপ্ত হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রিকশাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি থামানোর চেষ্টা করেন। এ সময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে অটোরিকশাটি আটকে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র ও একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে রিকশাচালকসহ তিনজনকে তাৎক্ষণিক আটক করা হলেও একজন পালিয়ে যায়। পরে পুরো এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাকেও আটক করতে সক্ষম হয় জনতা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এই অঞ্চলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এখানে বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি ও গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গার্মেন্টস কর্মীসহ সাধারণ মানুষ যখন নির্জন রাস্তা দিয়ে চলাচল করে, তখন এই কিশোর গ্যাং চক্রটি অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। এদের অত্যাচারে স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়ারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করার পরিবেশ ফিরিয়ে আনতেই মূলত তারা এই সামাজিক ঐক্য গড়ে তুলেছেন। ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়রা জব্দকৃত দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ আটক ৪ কিশোরকে পুলিশের নিকট হস্তান্তর করেন। হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এই ধরণের সামাজিক প্রতিরোধকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।