| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ইমাম বুখারী (রহঃ) মডেল মাদ্রাসার ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে অবস্থিত ইমাম বুখারী (রহঃ) মডেল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠানটির সভাপতি মুফতি মুহাম্মদ জামাল উদ্দীন আলকাদেরীর নেতৃত্বে ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে জশনে জুলুসটি বের করা হয়। তার আগে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনতা মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হতে দেখা যায়। হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মধ্যদিয়ে জশনে জুলুসটি বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জুলুসটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জোবরা পশ্চিম পট্টি উচ্চ বিদ্যালয় ও কলেজ, জনগণ পাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১নং রেলক্রসিং এলাকা, চবি ১নং গেইট হয় রামগড় মহাসড়ক অতিক্রম করে। এরপর চবি ২নং সড়কে প্রবেশ করে সিকদার পাড়া, তেভাগা খামার, চবি ক্যাম্পাসের ২নং গেইটের হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে পৌঁছায়। সেখান থেকে বখতিয়ার ফকির বাড়ির গ্রামীণ সড়ক হয়ে পশ্চিম পাড়াসহ জোবরা গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। জুলুস শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ-কিয়াম পরিচালনা ও সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য প্রদান করেন মুফতি মুহাম্মদ জামাল উদ্দীন আলকাদেরী। তিনি তাঁর বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।বর্ণাঢ্য এই জশনে জুলুসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম বুখারী (রহ.) মডেল মাদ্রাসার সহ-সভাপতি মুহাম্মদ রফিক সর্দার, আলহাজ্ব বজল আহমদ কোম্পানি ও মুহাম্মদ নূর মিয়া কোম্পানি, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজিব এবং সিনিয়র সদস্য আতাউল করিম বাবু ও নূরুল হুদা দুলাল। এছাড়াও মাদ্রাসার সুপার শহিদুল্লাহ কাদেরী, প্রবাসী মুহাম্মদ নেজাম উদ্দীন, প্রবাসী মুহাম্মদ সুমন, হাফেজ জালাল, হাফেজ হাবিবুল্লাহ, হাফেজ মিল্লাতসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং এলাকার সর্বস্তরের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই জুলুসে অংশগ্রহণ করেন।