| ছবি: সংগ্রহীত
পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মহাকবি আলাওল শাহী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান 'গাউছিয়া আজিজিয়া মঈনীয়া আলাওল মাদ্রাসা'র উদ্যোগে এসব কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচির শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। নাতে রাসূল (স.) পরিবেশনের মাধ্যমে র্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে মাদ্রাসার সুপার হাফেজ রাশেদ উল্লাহ কাদেরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস সওদাগর, স্থানীয় দক্ষিণ সমাজের সর্দার মোহাম্মদ শফিউল আলম এবং উত্তর সমাজের সর্দার মোহাম্মদ হারুন তালুকদার ও মোহাম্মদ বাদশাহ হোসেন। এছাড়া মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী হোসেন। আলোচনা সভা শেষে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ কিয়াম এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।