প্রকাশ :: ... | ... | ...

হাটহাজারীতে মস্তিষ্কে রক্তক্ষরণে গাউসিয়া কমিটি নেতা মাঈন উদ্দীনের মৃত্যু


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের হাটহাজারীতে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) জনিত কারণে মোহাম্মদ মাঈন উদ্দীন (২৮) নামে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাঈন উদ্দীন উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়া এলাকার খলিলুর রহমান মুন্সির নতুন বাড়ির মোহাম্মদ আজম আলীর পুত্র। তিনি মানবিক ও সামাজিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর ফতেপুর ৮নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জানাযায়, গতকাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাঈন উদ্দীনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাত্র ২৮ বছর বয়সে এই সদালাপী ও সমাজসেবক যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে স্থানীয় হেলাল চৌধুরী পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গাউছিয়া কমিটির নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মাঈন উদ্দীনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাউছিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ, তার বন্ধুবান্ধব এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। উল্লেখ্য, বিগত ২৪ সালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, কখনো যদি শুনো আমি আর নেই তাহলে আমার ভুলত্রুটি ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও।