চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর জব্দ করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ গ্রামের এসএমবি ব্রিকস নামক একটি ইটভাটার উত্তর পাশ থেকে এক্সক্যাভেটরটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রথমে এক্সক্যাভেটরটি আটক করেন। অভিযানের পূর্বে পুলিশের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে সম্পৃক্তরা এক্সক্যাভেটরটি রেখে সটকে পড়েন। পরে পুলিশ অন্য একটি গাড়ির সাহায্যে এক্সক্যাভেটরটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
আরও জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ গ্রামের মোহাম্মদ আবু নামে এক মাটি ব্যবসায়ী এ মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু ঘটনাস্থলে তাকে না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমরা ধারাবাহিক অভিযান পরিচালনা করছি। তারই প্রেক্ষিতে, অভিযান চালিয়ে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।