কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প ও ১৪ এপিবিএন সদর দপ্তর পরিদর্শন করেছেন এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মাদক ও অস্ত্রবিরোধী অভিযান আরও জোরদারের নির্দেশ দেন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন। একটি সুসজ্জিত এপিবিএন চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় এপিবিএন ডিআইজি (এফডিএমন) প্রলয় চিসিম, ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ, এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) মোহাম্মদ নাজমুল হক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, সাব মাঝি, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে ৮ ও ১৪ এপিবিএনে কর্মরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সদস্যদের উদ্দেশে তিনি শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে মাদক, অস্ত্র ও যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ারও পরিদর্শন করেন। টাওয়ার থেকে পুরো ক্যাম্প এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অতিরিক্ত আইজিপি।