খাগড়াছড়ির দীঘিনালায় ফ্যামিলি কার্ড তথ্যভান্ডার-২০২৬ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পরীক্ষায় অনলাইন গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহকারী পদে ৪৬৫ জন এবং সুপারভাইজার পদে ৭২ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি তানজিল পারভেজ, খাগড়াছড়ি জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নির্বাচন কমিটির সদস্য সচিব মো. শামসুল আলম এবং উপজেলা আইটি সুপারভাইজার সলিল চাকমা।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অনলাইন গুগল ফর্মের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপর ১ আগস্ট নির্বাচিত প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যোগ্য ও দক্ষ স্বেচ্ছাসেবী নির্বাচনের মাধ্যমে ফ্যামিলি কার্ড তথ্যভান্ডার-২০২৬ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল, নির্ভুল ও কার্যকরভাবে পরিচালনা করাই এ নিয়োগ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।