শিরোনামঃ

ছাত্রলীগ থেকে যুবদলে এসে পেশাজীবি দল সদস্যকে ছুরিকাঘাত

ওয়াহিদুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ওয়াহিদুল ইসলাম
ছবি: ওয়াহিদুল ইসলাম

চট্টগ্রামের পটিয়া উপজেলা পেশাজীবী দলের সদস্য আরাফাত হোসেন (৩৩) কে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে পটিয়া উপজেলার শোভনদণ্ডী কুরাঙ্গিরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরাফাত ওই এলাকার নুর বকসুর ছেলে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তার পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শোভনদণ্ডী কুরাঙ্গিরী এলাকায় সরকারি একটি প্রকল্পের কাজ চলাকালে স্কেভেটরের চালককে মারধর করেন বিএনপি নেতা আবদুস শুক্কুরের ছেলে মিজানুর রহমান। কিছু সময় পর প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা নিপা এন্টারপ্রাইজের সুপারভাইজার আরাফাত হোসেন ঘটনাস্থলে এসে চালককে মারধরের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান পুনরায় সেখানে এসে তাকে হাত ও পায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মিজানুর রহমান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে বাবার সঙ্গে যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। ঘটনার পর তিনি আত্মগোপনে রয়েছেন। রোববারের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজানুর রহমানের পুরোনো ছবিগুলো সামনে আসে।

আরাফাতের পরিবারের অভিযোগ, মিজানুর রহমান মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আরাফাত অনেক আগে থেকেই এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। রোববার স্কেভেটর চালককে পেটানোর প্রতিবাদ করায় আগের রেষ ধরে আরাফাতকে জখম করা হয়েছে। মিজানুর রহমান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর যুবদলের ব্যানারে এসে এলাকায় নানা অপকর্ম করছেন। আরাফাত বিএনপির সহযোগী সংগঠন পেশাজীবী দলের পটিয়া উপজেলা শাখার সদস্য । সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত হলে তিনি নিপা এন্টারপ্রাইজে সুপারভাইজার হিসেবে যোগ দেন।

শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, মিজানুর রহমান এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা লোকমুখে শুনেছি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL