চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে খরনা ইউনিয়ন যুবলীগের এক নেতা এবং সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) ভোররাত ও রাতে চালানো এই অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাইমুন প্রকাশ মাইমুনুল ইসলাম (৩৩), জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফরহাদ এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ নাসির উদ্দিন।
পটিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৩:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) শফিক উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোঃ মাইমুনকে তার নিজ বাড়ি (উত্তর খরনা, ওয়াহিদুর পাড়া) থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ কয়েকটি ধারায় মামলা (নং-০১, তাং-০১/১১/২০২৪) রয়েছে।
পৃথক আরেকটি অভিযানে এএসআই (নিঃ) জাফর আহম্মেদ, এএসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন সরকার এবং এএসআই (নিঃ) মোঃ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফরহাদ এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ নাসির উদ্দিনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মোঃ ফরহাদ পূর্ব বাড়ৈকারা এলাকার মৃত মোঃ হারুনের ছেলে এবং মোহাম্মদ নাসির উদ্দিন দক্ষিণ গবিন্দারখীল এলাকার বশির আহাম্মদের ছেলে।
পটিয়া থানার পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।