চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারেক শাহ দরগাহ সংলগ্ন এলাকায় প্রবাসী মোহাম্মদ ফরিদের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন সাগর ও দৌলত। তাদের মধ্যে দৌলতের বাড়ি পরীর দিঘীর পাড় এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে ভবনটিতে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন (১১ হাজার ভোল্টেজ) বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তারা। এতে দুজনই গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাহাড়তলী ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে এ ঘটনায় ভিন্ন দাবি করেছেন নির্মাণকাজের কন্ট্রাক্টর দীপক বসাক। তিনি বলেন, “কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে পড়ে গিয়ে তারা আহত হয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটেনি।”
চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হোসেন ইবনে নাঈম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী বা তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।