তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং জাতিসংঘের ইউএন ইলেকট্রোরাল প্রজেক্টের যৌথ উদ্যোগে রাঙামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশে ইউনেস্কোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সাল।
কর্মশালার মূল বিষয়বস্তু ছিল "কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
এর আগে প্রধান অতিথি থেকে তিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব:) অনুপ কুমার চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, আরিফুল ইসলাম আরমান, এস এস আলম আরেফিনসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা দায়িত্ব পালন করছেন।
কর্মশালায় স্থানীয় সাংবাদিকদের তথ্য যাচাইকরণের বিভিন্ন আধুনিক কৌশল, অপতথ্য চিহ্নিতকরণ, নিউজরুমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বস্তুনিষ্ঠ ব্যবহার এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়ে ধারণা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত আয়োজনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতিসংঘ বাংলাদেশ, এবং উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড, কানাডা, নরওয়ে ও সুইডেনের সহায়তায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোকপাত করা হয়।