চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটার বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলম (বদি) সওদাগরের মরদেহ নিখোঁজ হওয়ার দুই দিন পর কাপ্তাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বদিউল আলম পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। গত মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি পূর্ব সরফভাটা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাজস্থলীর গয়ামছড়া এলাকায় প্রবল বর্ষণে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের কারণে একটি ছড়া পার হওয়ার সময় তিনি তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন।
ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী সংস্থা, স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালান। অবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে ফারুয়া ব্রিজের নিচে কাপ্তাই নদী থেকে তাঁর নিথর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বদিউল আলম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা (৮ নম্বর ওয়ার্ড) এলাকার সোলেমান সওদাগরের বাড়ির বাসিন্দা এবং মরহুম ছালে আহমদের ছেলে।
তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়েছে।