খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে জেলায় ফেরার পথে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন নব-নিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
বৃহস্প্রতিবার সকালে ঢাকা থেকে সড়কপথে খাগড়াছড়ি প্রবেশের সময় জেলার সীমান্ত এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় ভেসে যান তিনি।
ফটিকছড়ি সীমানা অতিক্রম করার পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরোমাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করে নতুন চেয়ারম্যান বলেন, "আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার দায়িত্ব পালনের মূল শক্তি। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।"
এসময় চেয়ারম্যানের সহধর্মিণী চিংম্রাউ মারমা, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, রিপল চাকমা, ইঞ্জিনিয়ার ক্যরি মগ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি খাগড়াছড়ি সদরের নিজ বাস ভবনে পৌঁছালে সেখানেও জেলার বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক ও প্রতিনিধি দল তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন চেয়ারম্যানের সফলতা ও জেলার সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করেন।