দেশের সর্ববৃহৎ নূরানী শিক্ষাবোর্ড নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর অধীনে বান্দরবানের লামা পৌরসভায় পরিচালিত ইমাম বোখারী (রহ:) তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসার নার্সারী থেকে ৩য় শ্রেণীর ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থী ও বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় লামা পৌরসভার ঐতিহ্যবাহী ইমাম বুখারী (রহ:) তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এসময় অত্র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ শিক্ষার্থী সহ নার্সারী থেকে ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষায় ১ম-৩য় স্থান অর্জনকারী ১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন।
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লামা পৌর বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মিয়া, মাদ্রাসার অভিভাবক কমিটির সদস্য ও লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক মোঃ আজগর হোসেন, মোঃ কাউসার, মোঃ খোকন প্রমূখ।
অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই মাদ্রাসা মিলনায়তনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। অনেকের সঙ্গে অভিভাবকেরাও যোগ দেন।কোলাহলে মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা নেওয়া অত্র মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ নুর ইবরাত বলেন, আমার জিপিএ-৫ পাওয়াতে শিক্ষকদের
অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি মা-বাবার ভূমিকাও কম নয়। আমি তাঁদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা আমার পাশে না দাঁড়ালে আজ এখানে আসতে পারতাম না।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গুণীজন, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।