বান্দরবানের লামায় এক বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মোঃ নাছির (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাছির উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাইশখাইল্লা ঝিরি মুসলিম পাড়ার বাসিন্দা মজু মাঝির ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) বিকেল প্রায় ৫টার দিকে বাঁশখাইল্যারিরি পাড়ায় ওই বিধবা নারী বাড়ির পাশের বিলে তরকারি কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় নাছির হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরেন। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ধর্ষণে বাধা দিলে অভিযুক্ত নাছির একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ওই নারী জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার পিছু ধাওয়া করেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভোক্তভোগী ওই নারী বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টায় বাদী হয়ে মোঃ নাছিরের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লামা থানায় মামলা নেওয়া হয়েছে। আসামি মোঃ নাছির পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।