রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)'র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’র সদস্য হিসেবে জাতীয় সংসদের দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোনয়ন প্রদান করেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত (৪ মে) তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত দুই সংসদ সদস্য হলেন খাগড়াছড়ি আসনের সাংসদ আবদুল ওয়াদুদ ভুইয়া ও বান্দরবান আসনের সাংসদ সাচিং প্রু জেরী।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ধারা ১৮(১)(ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে এই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।