শিক্ষার গুণগত মানোন্নয়নে অবদান রাখা সন্দ্বীপে জন্মগ্রহণকারী ১১ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সন্দ্বীপ ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আলহাজ মুহাম্মদ সলিমুল্লাহ এবং সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন।
সংবর্ধনা পাওয়া শিক্ষকেরা হলেন— হাতিয়া দ্বীপ কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল আকতার হোসেন, কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জিয়াউল হক, ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ মজহারুল ইসলাম, আবদুল খালেক একাডেমি-গাছুয়ার প্রাক্তন সহকারী শিক্ষক কৃষ্ণপদ ভদ্র, উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামছুদ্দিন, বশিরিয়া আহমদিয়া আলহাজ আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস, চরবাটা আরজি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্যা, মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল মাওলা, সাতকানিয়া নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মো. ফজলুল করিম এবং নাজিরহাট কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল ফয়েজ মো. মোস্তফা।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরি বোর্ড-২০২৬-এর সদস্য ও মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম বাবুল। পরে চট্টগ্রাম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী এস এম হামিদুল হক তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রামের আজীবন সদস্য ব্যাংকার এস এম আবুল কালাম আজাদ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরি বোর্ড-২০২৬-এর প্রধান ও মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, জুরি বোর্ডের সদস্য ও হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল এবং আবদুল খালেক একাডেমি-গাছুয়া পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল আফছার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রামের সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোতোষ দাস সৈকতসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অনলাইনে যুক্ত ছিলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পটিয়া জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য আনন্দময় পরিবেশে গড়ে তুলতে হবে। তিনি গুণগত ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্মত ও প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই।