শিরোনামঃ

মাটিখেকোদের রুখে দিল জনতা; ৩ জনকে কারাদণ্ড, ডাম্প ট্রাক ও ভেকু জব্দ

সাতকানিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে দুটি ডাম্প ট্রাক ও একটি ভেকুসহ ৩ জনকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে ডাম্প ট্রাক ও একটি ভেকুসহ তাদেরকে আটক করা হয়।

খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং জনতার হাতে আটককৃতদের পুলিশের হেফাজতে নেন।

এর পরপরই সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হন। একই সাথে থানা পুলিশ জনতার হাতে আটককৃত দুটি ডাম্প ট্রাক ও একটি ভেকু জব্দ করেন।

সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনতার হাতে আটককৃত রফিকুল ইসলামকে (৪৫) তিন মাসের এবং মো. কাইছার (২৫) ও মো. জমির উদ্দিনকে (৩০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় এওচিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য তছলিমা আক্তার মুন্নি উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার KB-3 নামক একটি ইটভাটা সংশ্লিষ্টরা দেদারসে ফসলি জমি ও পাহাড় কেটে ইট তৈরি করছে। এতে ওই এলাকার পরিবেশ ও কৃষিখাত মারাত্মক হুমকির মুখে পড়ে। প্রশাসনকে বারবার জানিয়েও দীর্ঘ দিন কোনো স্থায়ী প্রতিকার না পেয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মাটি কাটার স্থান ঘেরাও করেন। এরপর তারা ডাম্প ট্রাক ও ভেকুসহ তিনজনকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পাহাড় ও ফসলি জমি রক্ষায় আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। পরিবেশ রক্ষায় স্থানীয়দের সচেতনতা ও প্রতিরোধ অত্যন্ত প্রশংসনীয়। অবৈধভাবে পাহাড় ও ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL