শিরোনামঃ

দাবি না মানলে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি: চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আলটিমেটাম

ইয়াছির আরফাত
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইয়াছির আরফাত
ছবি: ইয়াছির আরফাত

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আবারও সরকারকে আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। দাবি পূরণ না হলে আগামীকাল রোববার সকাল ৮টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা।
শনিবার বেলা ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস প্রশিক্ষণ-সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে চিকিৎসকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি আইন-২০২৫-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করা।
এ ছাড়া ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানিয়েছেন তাঁরা।
দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিসিপিএসের আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাশাপাশি এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা এখন থেকে বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ ভাতার আওতায় আসবেন।
তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, তাঁদের উত্থাপিত ছয় দফার সবগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন। তিনি বলেন, “আমাদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। দিন-রাত টানা দায়িত্ব পালন করেও বর্তমান ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তত ৫০ হাজার টাকা নির্ধারণ করে নিয়মিত পরিশোধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজ রাতের মধ্যে দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আগামীকাল সকাল ৮টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।”
এদিকে চিকিৎসকদের এমন ঘোষণায় হাসপাতালসেবায় সম্ভাব্য প্রভাব নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL