চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে দীর্ঘ ৪০ বছর ধরে বসতি থাকা প্রায় সাড়ে ৪শত পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী মহল ভূমিহীন সাড়ে ৪শত পরিবারকে উচ্ছেদ করতে বিভিন্ন ধরণের পায়তারা করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি থেকে শাহাদাত নগর এলাকায় আশ্রয় রক্ষার দাবি ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগী পরিবার গুলো।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ভুক্তভোগী বাসিন্দা বখতিয়ার খান, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মিরাজ, সাগর, বাপ্পু, বাদশা, নাদির, ইউনুচ, সিদ্দিকা, সিরাজ, জালাল, আকতার উদ্দিন, আশরাফ উদ্দিন, ইদ্রিস, আফজাল, জাহাঙ্গীর আলম, এয়াকুব, মাসুদ। বিক্ষোভে ভূমিহীন ভুক্তভোগী নারী-পুরুষসহ শিশুরাও অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, মেরিন একাডেমি সড়ক নির্মাণের জন্য আগেও দুইবার উচ্ছেদ অভিযা৷ চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাউবোর জমিতে থাকা পরিবার গুলোকে পুনর্বাসন না করায় উচ্ছেদ অভিযান শুরু করায় বিপাকে পড়েছিলেন প্রায় সাড়ে চার শতাধিক অসহায় পরিবার।
এরআগে এলাকায় বসবাসরত প্রায় ৪০০ পরিবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে তাদের ‘মাথা গোঁজার শেষ আশ্রয়’ রক্ষার আবেদন জানিয়েছেন।
ভুক্তভোগী বাসিন্দা বখতিয়ার খান অভিযোগ করে বলেন, 'দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের পরিবার এখানে বাস করছেন। নিজেদের কোনো জমি না থাকার কারণে প্রায় সাড়ে চারশত পরিবার এখানে বাস করছে। এরআগেও সড়ক নির্মাণের জন্য আমাদের ঘর-বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। সড়কের জন্যও আমরা স্বইচ্ছায় ২৯ ফিট জমি ছেড়ে দিই। এরপর নতুন আতংক প্রভাবশালী মহলের। গত দুইদিন আগে সীমানা পিলার খুঁটি বসিয়ে যায় আমাদের বসত ঘরের মধ্যে। এখন মাথা গোঁজার শেষ আশ্রয় রক্ষায় সরকার ও স্থানীয় সাংসদের সহায়তা কামনা করছি আমরা।’
ভুক্তভোগী নারী কুনসুমা বেগম ‘আমরা ভূমিহীনরা এখানে ঘর নির্মাণ স্বামী-সন্তান নিয়ে থাকছি দীর্ঘ ৪০ বছর ধরে। আমাদের পুনর্বাসন করুন, আমাদের থাকার জায়গা দিন, সামনে শীতের মধ্যে আমরা কীভাবে রাত্রিযাপন করব। আমাদের এই জায়গা ছাড়া কোথাও থাকার মতো জায়গা নেই।’
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বর্ণ হক বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে।'