শিরোনামঃ

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান

মোঃ শাহ আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ শাহ আলম
ছবি: মোঃ শাহ আলম

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তুমরাও ম্রো (১) নামে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, তুমরাও ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেনরুওয়া পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মেনথক ম্রো। বুধবার শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, গত ১৩ মে পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন। এর মধ্যে ২৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৭৩ জন। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন রোগী। এছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা নিয়েছেন আরও ৫১ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, দুর্গম পাহাড়ি এলাকায় হামের বিস্তার রোধে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পোয়ামুহুরী ও কুরুকপাতা এলাকায় স্থাপিত দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়ায় গিয়ে কাজ করছেন।
এদিকে আগামীকাল কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুশাইয়ের। সেখানে তিনি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL