শিরোনামঃ

আলীকদমের দুর্গম এলাকায় পৌঁছেছে  হামের টিকা

মোঃ শাহ আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ শাহ আলম
ছবি: মোঃ শাহ আলম

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। এ কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার কুরুকপাতা এলাকার ১৪টি পাড়ার প্রায় ৪৩০ জন শিশুকে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলীকদম সেনা জোনের প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এসময় তারা স্থানীয় অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদানের আওতায় আনার আহ্বান জানান এবং হামের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলীকদম উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও রুবেলায় আক্রান্ত ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত দুই সপ্তাহে ১৬৬ জন শিশু হামের চিকিৎসা নিয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিতে কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম এলাকায় টিকাদান ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL