সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম ও সীমান্তবর্তী এলাকার অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তা প্রদান করছে।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কচ্ছপছড়া জরিয়াম কারবারী পাড়া স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে তাদের স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে টিন সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় অসহায় কৃষকদের স্বাবলম্বী করে তুলতে এবং কৃষিভিত্তিক জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।
মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এছাড়া চলাচলে অসুবিধায় থাকা একজন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিকে দেওয়া হয়েছে হুইলচেয়ার।
এর পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে তারা। আলীকদমের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ৫৭ বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।