বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকায় স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি সুপেয় পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।
শনিবার (১২ সেপ্টেম্বর) আলীকদম জোনের সৌজন্যে বাস্তবায়িত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারহাদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ও অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় পোয়ামুহুরীতে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয়দের মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হতো, যা নারী, শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। এই প্রকল্প চালুর মাধ্যমে এলাকার মানুষের খাবার পানি সংগ্রহের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম অঞ্চলে এ ধরনের মৌলিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর এগিয়ে আসা প্রশংসনীয়, যা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।