শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
সভায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দীন আহমদ, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেশিওলজি) ডা: মো: মামুন অর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক খাইরুল আনাম, সাংবাদিক এম.মনছুর আলম প্রমুখ।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন। তিনি ভিটামিন-এ ক্যাম্পেইনের তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: শামীমা সোলতানা, সিনিয়র কনসালটেন্ট ডা: সুজন ত্রিপুরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন প্রতিনিধি, শিক্ষকসহ সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, সারাদেশে একযুগে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। সেই লক্ষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি সাব-সেন্টারের মাধ্যমে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও জানান, সকলে আন্তরিকতার সাথে সহযোগিতা করলে উপজেলার প্রতিটি শিশু এর সুফল লাভ করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চকরিয়া উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মী, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।