চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের ভেতর থেকে এক সহকারী নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে হাই কমিশনের ডরমিটরি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই নিরাপত্তারক্ষীর নাম নরেন্দ্র (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় হাই কমিশনার অফিসে সহকারী নিরাপত্তারক্ষী (অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। হাই কমিশনের মতো একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন মৃত্যুর ঘটনায় স্থানীয় ও কূটনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নরেন্দ্র সোমবার রাতে হাই কমিশনের ভেতরের ডরমিটরিতে ঘুমাতে যান। আজ সকালে দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে।
"আমরা খবর পেয়ে সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করি। মরদেহের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা হাসপাতালের চিকিৎসকরা ময়নাতদন্তের পর সুনির্দিষ্টভাবে বলতে পারবো।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। একই সঙ্গে এটি হৃদরোগজনিত (কার্ডিয়াক অ্যারেস্ট) কোনো ঘটনা কি না, তা-ও খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
হাই কমিশনের ভেতরে এমন স্পর্শকাতর মৃত্যুর ঘটনায় ডরমিটরি ও আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে ভারতীয় সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা জানতে পুলিশ গভীর অনুসন্ধান শুরু করেছে।