চট্টগ্রাম নগরের খুলশী ও জালালাবাদ এলাকায় বিদেশি নাগরিকদের মাধ্যমে পরিচালিত কথিত অবৈধ ক্যাসিনোর সন্ধান পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি আমার দেশকে বলেন, একটি ভবনে অভিযান চলছে। তবে কীসের অভিযান সেটি আমরা এখন জানাতে পারছি না। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।
অভিযান ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। তবে অভিযানের সময় ওই ক্যাসিনো বা স্থাপনার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে সেখানে ঠিক কী ধরনের কার্যক্রম চলছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কী পরিমাণ অর্থের লেনদেন হতো-এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এসব স্থানে বিদেশি নাগরিকদের উপস্থিতিতে জুয়া বা ক্যাসিনোসদৃশ কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে। সেখানে নিয়মিত বড় অঙ্কের অর্থের লেনদেন হতো কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কোটি কোটি টাকার লেনদেনের তথ্যের বিষয়টি এখনো তদন্তাধীন।
অভিযানসংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু স্থাপনায় সন্দেহজনক লোকজনের যাতায়াত ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছিল। এসব তথ্য যাচাই করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। সেখানে দেশি নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকদের উপস্থিতির তথ্যও পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে ওই স্থাপনাগুলোতে ঠিক কী ধরনের কার্যক্রম চলছিল, তার সঙ্গে জুয়া বা অবৈধ ক্যাসিনোর সংশ্লিষ্টতা কতটা এবং বিদেশি নাগরিকদের ভূমিকা কী-এসব প্রশ্নের উত্তর অভিযান শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।