গাড়ির মালিকানা পরিবর্তন করতে আসা জমির আহমেদ বলেন, ‘বিআরটিএর বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে, বাংলাদেশের মধ্যে একমাত্র সৎ ও ঘুষ ছাড়া সেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিআরটিএ।’
অন্যদিকে গাড়ির বিভিন্ন কাগজপত্রের কাজ করতে আসা সুজন মল্লিক বলেন, ‘আমি এক টাকা ছাড়া সব কাজ করে যাচ্ছি। এত পরিবর্তন আগে দেখিনি। পরিচালক শফিক স্যার আসার পর বিআরটিএ সব ক্ষেত্রে শুধু পরিবর্তন আর পরিবর্তন।’
সেবাপ্রত্যাশীর এমন অভিজ্ঞতা চট্টগ্রাম বিআরটিএর সাম্প্রতিক সেবাব্যবস্থা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে দালালনির্ভরতা, অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও সেবা পেতে দীর্ঘসূত্রতার অভিযোগে আলোচিত প্রতিষ্ঠানটিতে এখন প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহকবান্ধব কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচালক শফিকুজ্জামান ভূঞা দায়িত্ব নেওয়ার পর গ্রাহকের ভোগান্তি কমানোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলে সংশ্লিষ্টদের বক্তব্য।
চট্টগ্রাম বিআরটিএর পরিচালক শফিকুজ্জামান ভূঞা মনে করেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য গ্রাহকদের সরাসরি দালালের ওপর নির্ভর না করে নির্ধারিত প্রক্রিয়ায় নিজের কাজ নিজে করার আহ্বান জানিয়েছেন তিনি।
শফিকুজ্জামান ভূঞা বলেন, ‘এখন সবকিছু প্রযুক্তির মাধ্যমে হয়। সেবা নিতে এসে কেউ দালালের খপ্পরে পড়বেন না। আপনারা সরাসরি বিআরটিএ কার্যালয়ের মাধ্যমে নির্ধারিত নিয়মে সেবা নিন। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা নিন।’
তিনি বলেন, গ্রাহকসেবার ক্ষেত্রে হয়রানির কোনো সুযোগ থাকা উচিত নয়। মানুষ সরকারি প্রতিষ্ঠানে আসেন সেবা নিতে, বাড়তি ভোগান্তির শিকার হতে নয়। তাই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবাপ্রত্যাশীরা যেন নির্ধারিত ফি দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় তাঁদের কাঙ্ক্ষিত সেবা পান, সেটিই তাঁর অগ্রাধিকার।
বিশেষ করে প্রতিদিন কতজন গ্রাহক সেবা পাচ্ছেন, কত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি হচ্ছে, অভিযোগের সংখ্যা কত এবং অভিযোগের বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এসব তথ্য নিয়মিত প্রকাশ করা হলে পরিবর্তনের বাস্তব চিত্র আরও স্পষ্ট হবে।
চট্টগ্রাম বিআরটিএর পরিচালক শফিকুজ্জামান ভূঞার প্রযুক্তিনির্ভর সেবার বার্তা এবং গ্রাহকদের ইতিবাচক অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির জন্য একটি নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন সেবাপ্রত্যাশীদের চাওয়া, এই স্বচ্ছতা ও জবাবদিহির ধারা যেন অব্যাহত থাকে।
সাধারণ মানুষের প্রত্যাশা একটাই—বিআরটিএতে কাজ করতে গিয়ে কাউকে যেন দালালের দ্বারস্থ হতে না হয়, ঘুষ দিতে না হয় কিংবা অযথা হয়রানির শিকার হতে না হয়। সরকারি এই প্রতিষ্ঠানটি যেন সত্যিকার অর্থেই জনগণের সেবাকেন্দ্র হয়ে ওঠে।