নিজেদের তেল নেই।উল্টো পতেঙ্গা দিয়ে মিয়ানমারে বিপুল পরিমান তেল পাচারকালে ১২ জন পাচারকারী আটক হন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টায় পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকা থেকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
এছাড়া ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটিও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এই বোটটি ব্যবহার করে আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের একটি বড় পরিকল্পনা ছিল। আটককৃত পাচারকারীদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
জব্দকৃত মালামাল ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।