শিরোনামঃ

দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

মোঃ হাচান আল মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালাতেও নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম বদিউজ্জামান (জীবন)। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি নজরুলের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালক ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম বদিউজ্জামান (জীবন) বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম আমাদের বাঙালি সংস্কৃতি ও চেতনার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম তুলে ধরে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ অডিটোরিয়াম।
এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তাদের সম্পৃক্ত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে দীঘিনালায় নজরুল বর্ষ উদযাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL